প্রিমিয়ার ব্যাংকের অর্থ আত্মসাৎ, সাবেক চেয়ারম্যান ইকবাল ও সংশ্লিষ্টদের ৩২১ পে-অর্ডার স্থগিত

ইত্তেহাদ নিউজ,অনলাইন :
প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবাল, তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে ৩২১ পে-অর্ডার স্থগিত করেছেন আদালত।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
তিনি বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারায় প্রিমিয়ার ব্যাংক থেকে ইস্যু করা ৩২১টি পে–অর্ডারের লেনদেন কার্যক্রম স্থগিত (ফ্রিজ) করার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) যে আবেদন করেছে, তা মঞ্জুর করেছেন আদালত।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবাল, তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে দেখা গেছে, বিদেশে অবস্থানকালে ইকবাল ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় নতুন হিসাব খুলে বিপুল অর্থ লেনদেন করেন এবং বনানী ও গুলশান শাখা থেকে মোট ৩৬৪টি পে-অর্ডার ইস্যু করা হয়—যার পরিমাণ ২৮৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
দুদক জানায়, গোপন সূত্রে অর্থ বিদেশে পাচারের চেষ্টা সম্পর্কে তথ্য পাওয়ায় পে-অর্ডারগুলো অবিলম্বে স্থগিত করা জরুরি হয়ে পড়ে। আদালত আবেদনের নথি, অনুমোদন এবং অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা করে পে-অর্ডার স্থগিতের নির্দেশ দেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



