১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

ইত্তেহাদ নিউজ,অনলাইন : নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে সাংবাদিক ও পর্যবেক্ষকদের আবেদন সম্পর্কিত তথ্য কিছু সময়ের জন্য উন্মুক্ত থাকলেও তা ফাঁস হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। অভিযোগ উঠেছে, ওয়েবসাইট থেকে ১৪ হাজারের বেশি সাংবাদিকের তথ্য প্রকাশিত হয়েছিল।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল মল্লিক জানান, সাংবাদিকদের আপত্তির পর গত বৃহস্পতিবার ওয়েবসাইটে তাদের আবেদনের বিষয়টি বন্ধ করে দেওয়া হয়। পরে শনিবার পর্যবেক্ষকদের আবেদনও বন্ধ করার প্রক্রিয়া চলছিল।
“যারা আগে নিবন্ধন করেছেন, তারা নিজের ড্যাশবোর্ডে লগইন করতে পারছিলেন এবং কিছু অংশে অ্যাডমিন প্যানেলও দেখতে পেয়েছিলেন। তাই তথ্য ফাঁসের অভিযোগ সঠিক নয়। নাম, এনআইডি কিছু সময়ের জন্য দেখা গেছে, তবে ডাউনলোডের সুযোগ ছিল না,” তিনি বলেন।
রুহুল মল্লিক আরও বলেন, “তথ্য ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। আমাদের ওয়েবসাইট খোলা অবস্থায় ছিল, তবে হ্যাক বা অন্য কোনো অপকর্মের অভিযোগ আসেনি।”
কয়েকজন অভিযোগ করেছেন যে ওয়েবসাইটটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ বিষয়ে রুহুল মল্লিক জানান, ওয়েবসাইটটি ইসির নিজস্ব প্রোগ্রামাররা তৈরি করেছেন এবং এআই দিয়ে এত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়।
সম্প্রতি pr.ecs.gov.bd ওয়েবসাইটটি চালু করা হয়, যার মাধ্যমে প্রথমবারের মতো সাংবাদিক ও পর্যবেক্ষকরা অনলাইনে আবেদন করতে পারছিলেন। তবে বিভিন্ন তথ্য সরবরাহের জটিলতার কারণে কমিশন সাংবাদিকদের অনলাইন আবেদন গ্রহণের উদ্যোগ থেকে সরে এসেছে। এখন আগের মতোই ম্যানুয়ালি আবেদন গ্রহণ ও যাচাইয়ের মাধ্যমে কার্ড দেওয়া হবে।
ইসির পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী, ওয়েবসাইটে প্রথমে এনআইডি ও ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হতো। এরপর নিজের ড্যাশবোর্ড থেকে প্রয়োজনীয় তথ্য ও দলিল আপলোড করে আবেদন সম্পন্ন করতে হতো। ইতোমধ্যেই অনেকেই এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি সপ্তাহে ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচনের জন্য সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড প্রদান শুরু হতে পারে। এবার দেশের ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণে অংশ নেবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



