গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা,তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি,বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ইত্তেহাদ নিউজ অনলাইন: গাজীপুরে এক সাংবাদিককে ধাওয়া দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে একদল অস্ত্রধারী। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।পুলিশের ধারণা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘটিত এক মারধরের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
জানা গেছে, অস্ত্রধারীদের থেকে প্রাণে বাঁচতে ওই সাংবাদিক একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়।নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। হত্যাকাণ্ডের মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে ৫–৬ জনের একটি দল তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাঁ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে। কিন্তু দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি সপরিবারে চান্দনা চৌরাস্তা এলাকাতেই বসবাস করতেন।
ঘটনার একটি সিসিটিভি ভিডিও ইতোমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করছেন। তখন ৬–৭ জন যুবক চাপাতি, রামদা ও ছুরি নিয়ে ওই যুবকের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। ওই যুবক দৌড়ে পালিয়ে গেলে অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সাংবাদিক তুহিন এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন। সেই সময় অস্ত্রধারীরা তাকেও ধাওয়া দেয়। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাঁ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে। কিন্তু দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম-উত্তর) মো. রবিউল হাসান বলেন, ‘আমাদের ধারণা, অন্য একজনকে মারধরের ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দোষীদের আটক করা গেলে ঘটনার পুরো চিত্র পরিষ্কার হবে।’
ঘটনাটি নিয়ে গাজীপুরে সাংবাদিক সমাজ, মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়ভাবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।
চায়ের দোকানের মালিক খায়রুল ইসলাম বলেন, “আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ তুহিন ভাই দৌড়ে এসে দোকানে ঢুকে পড়েন। তার পিছু নিয়েই তিনজন যুবক দোকানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। বাইরে আরও দুজন রামদা হাতে দাঁড়িয়ে ছিল। আমি বাধা দিতে গেলে আমাকেও হত্যার হুমকি দেয়।”তিনি আরও বলেন, “চারপাশে অনেক লোক ছিল, সবাই দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি।
নিহত সাংবাদিকের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাজীপুরের ট্রাফিক বিশৃঙ্খলা ও রাস্তাঘাটের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট করেছিলেন। রাত ৮টার দিকে চৌরাস্তার এক ভিডিও পোস্টে তিনি লিখেছিলেন, “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা।” এর আগে জয়দেবপুর রেলগেট এলাকার ভাঙা ড্রেনের ছবি দিয়ে মন্তব্য করেছিলেন, “কর্তৃপক্ষের অবহেলায় জনগণের সম্পদ নষ্ট হচ্ছে।”
ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান জানান, “আমরা ইতোমধ্যে কিছু ভিডিও ফুটেজ ও ক্লু পেয়েছি। একজন সাংবাদিককে প্রকাশ্যে এভাবে হত্যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
গাজীপুরের বাসন থানার ওসি শাহিন খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা:
গাজীপুরে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ বলেও দাবি করেছে দলটি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
তিনি আরও বলেন, ‘আসাদুজ্জামান তুহিনকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল। এ থেকে স্পষ্ট বোঝা যায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ।তিনি বলেন, ‘চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানেই হামলা করছে না, বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে। চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে। চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন:
চাঁদাবাজি নিয়ে সংবাদ করায় গাজীপুরে সাংবাদিককে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১২টায় ঢাবির ভিসি চত্বরে মানববন্ধন করেন তারা।এ সময় তারা ‘সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের কবর দে’, ‘চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ’, ‘সন্ত্রাসবাদ হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ’সহ নানা স্লোগান দেন।সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শিক্ষার্থী রিয়াদ জুবা বলেন, আমরা এখানে এমন এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি যা জুলাইয়ের পরে বাংলাদেশের ছাত্র জনতা কখনো কল্পনাতেও আনে নাই।তিনি অভিযোগ করেন, সারাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা একেবারে নাই বললেই চলে। যে ঘটনাগুলো ভাইরাল হচ্ছে, যে ঘটনাগুলোকে ভাইরাল করা হচ্ছে সেগুলো ব্যতীত হাজার হাজার হত্যা, ধর্ষণ, লুটপাট, ডাকাতি, অসংখ্য সন্ত্রাসী কার্যক্রম সারাদেশের প্রতিটি কোণায় ঘটে যাচ্ছে অনবরত। কিন্তু এই ইন্টেরিম কোনো পদক্ষেপই নিতে পারছে না। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে যদি এই হত্যাকাণ্ডের বিচার করা না হয়, চাঁদাবাজ-খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আপনারা ছাত্র-জনতার রোষানলে পড়বেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



