রাজনীতি

বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করার হুঁশিয়ারি শামীম ওসমানের

shamim osman 64fca23dbe738
১০১
print news

২৪ ঘণ্টার মধ্যে বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করার হুঁশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ওরা (বিএনপি) বলে পুলিশ ছাড়া মাঠে আসতে। আমি পুলিশের কাছে অনুরোধ করব, ওদের পক্ষে থাকেন। ২৪ ঘণ্টায় বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করব।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার রাইফেলস ক্লাবে আয়োজিত এক প্রস্তুতি সভায় শামীম ওসমান এ হুঁশিয়ারি দেন।

স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি অপশক্তির বিরুদ্ধে ‘দেশ বাঁচাও’ স্লোগানে অনুসারী নেতা-কর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করেন তিনি। সভা শেষে তিনি ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরে জনসভা করার ঘোষণা দেন।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে এখন রাস্তায় দাঁড়িয়ে জাতির পিতার কন্যাকে গালি দিয়ে মিছিল করে। মিছিল করুক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তারা যে ভাষায় গালি দিচ্ছেন, তা মেনে নেওয়া যায় না। সাংবাদিক ভাইয়েরা আপনাদের সাক্ষী রেখে বলছি, এমনিতেই তো আমাকে গডফাদার বলে। বিএনপি-জামায়াতের কাছে ডাইরেক্ট ম্যাসেজ দিচ্ছি, যারা জাতির পিতার কন্যাকে গালি দিচ্ছেন, তারা একদম সাবধান হয়ে যান। এত কঠোর জবাব দেওয়া হবে যে উঠে দাঁড়াতে পারবেন না।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, রাজনীতি করতে চাইলে সুষ্ঠুভাবে করেন। গাড়িতে আগুন দেবেন, মানুষ পুড়িয়ে মারবেন, নেত্রীকে খারাপ গালি দেবেন, সেটা হবে না। আমরা কিন্তু বিকলাঙ্গ না, আমাদের কোনো বিশেষ সাহায্য লাগে না। আমাদের পুলিশ, বিডিআর, র‍্যাবের প্রয়োজন হয় না। এত দিন ধৈর্য ধরেছি, সামনে আর ধৈর্য ধরব না। জনগণ যদি নির্দেশ দেয়, তাহলে কারও বাড়িঘর রক্ষা পাবে না। পরের চিন্তা পরে করব।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল আল কায়সার, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *