বন্দী ছাত্রলীগনেতা যশোর কারাগারে দেখলেন স্ত্রী-সন্তানের লাশ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাট ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার নিহত স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) এবং শিশুপুত্র নাজিম হোসেনের লাশ দেখানো হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে লাশবাহী গাড়ি কারাগারের ভেতরে নেওয়া হয়। আটক জুয়েল হাসান সাদ্দাম প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তার স্ত্রী সন্তানের মুখ দেখেন।
আনুমানিক ২০ মিনিট পর লাশবাহী গাড়িটি বের হয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেয়।জেল কর্তৃপক্ষের কাছে প্যারোলে সাদ্দামের মুক্তির আবেদন করার পর তা নামঞ্জুর হলে স্বজনরা কারাগারে এনেই তাকে স্ত্রী-সন্তানের লাশ দেখিয়ে নিয়ে যান।
সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) বাগেরহাট জেলা জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়।
নাজিম ছিল এই দম্পতির একমাত্র সন্তান।ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন।
স্বর্ণালীর চাচা আজিম হোসেন জানিয়েছেন, জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একরাম হাওলাদারের ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।প্রায় ১১ মাস আগে গোপালগঞ্জ থেকে তিনি পুলিশের হাতে আটক হন।
তখন থেকে সাদ্দাম বাগেরহাট কারাগারে এবং পরে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
তিনি জানান, সাদ্দামের আটকের পর স্ত্রী স্বর্ণালী হতাশায় ভুগতে থাকেন। এক পর্যায়ে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে প্রথমে নয় মাসের শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।সাদ্দামের বাড়িতে তার মা, বোনের সাথে বসবাস করতেন স্ত্রী ও সন্তান।
সাদ্দামের চাচাতোভাই সাগর ফারাজী জানিয়েছেন, শুক্রবার লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়। জানাজা না পড়িয়েই যশোর কেন্দ্রীয় করাগারে আনা হয় লাশ।
লাশ বাগেরহাটে নিয়ে রাতেই দাফন করা হবে বলে তিনি জানিয়েছেন।এদিকে, লাশ আনার সংবাদ শুনে সাদ্দামের যশোরে বসবাসকারী পরিবারের লোকজন যশোর কেন্দ্রীয় কারগারের সামনে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেছেন, প্রচলিত নিয়ম অনুসরণ করে কারাগারে বন্দীকে লাশের কাছে এনে লাশ দেখানো হয়েছে। সাদ্দামের পরিবারের চারজন এই সময় উপস্থিত ছিলেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



