বাংলাদেশ ঢাকা

বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসির

20260103 170631
১০৪
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বরিশালে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ’-এ চলতি জানুয়ারি-২০২৬ সেশন থেকে সব ধরনের প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

গত বছরের ২৪ ডিসেম্বর কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্ত এবং একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়ার সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে কোনও নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে কমিশনের এই সিদ্ধান্ত ‘জানুয়ারি ২০২৬’ থেকে কার্যকর হবে বিধায় এর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বর্তমান শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে বলে জানিয়েছেন মো. সুলতান মাহমুদ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল—

১। কমিশন কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সব প্রোগ্রামে ‘জানুয়ারি ২০২৬’ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। তবে ওই তারিখের আগে চলমান কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

২। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য (নাম, আইডি নং, সেশন, বিভাগ, অনুষদ, এনআইডি, মোবাইল নম্বর) ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মধ্যে অবশ্যই কমিশনে পাঠাতে হবে। অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য ন্যূনতম সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং ল্যাবরেটরি সুযোগ-সুবধিা প্রস্তুত করে মে মাসের মধ্যে কমিশনকে লিখিতভাবে প্রমাণকসহ জানাতে হবে। অনুমতি সাপেক্ষে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় এফডিআর এবং এর লভ্যাংশ ব্যবহার করতে পারে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক অবস্থায় ফিরে এলে এফডিআরের মূল এবং লভ্যাংশ পুনর্ভরণ করতে হবে।

৩। বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন অবশ্যই ব্যাংকের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং একইসঙ্গে শিক্ষার্থীদের বেতন, সেমিস্টার ফি ও সব ধরনের লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করে আগামী ফেব্রুয়ারির মধ্যে কমিশনকে লিখিতভাবে জানাতে হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.