মান্না, সাইফুল হক ও সাকি পেয়েছেন বিএনপির গ্রিন সিগন্যাল

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের শীর্ষ তিন নেতা পাচ্ছেন বিএনপির গ্রিন সিগন্যাল। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলগুলোর পৃথক বৈঠকের পর নেতাদের সঙ্গে আলাপকালে এ আভাস পাওয়া গেছে।
গণতন্ত্র মঞ্চের সূত্রে জানা গেছে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে আনুষ্ঠানিক সমর্থন দেবে বিএনপি। এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্না বগুড়া-২, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে জানান, তাকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তিনি বলেন, ‘তাদের কমান্ড আমাদের দলের শীর্ষ নেতাকে আসন ছাড় দিতে রাজি হয়েছে।’ একই কথা জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আমাদের দল থেকে আমাকে ঢাকা-১২ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে। আমরা তা ইতিবাচক হিসেবে নিয়েছি।’ তিনি বলেন, ‘আমাদের মঞ্চের শীর্ষ নেতাদের বিষয় বিএনপি নীতিগত এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। আমরা আমাদের মঞ্চের বৈঠক করে এ বিষয়ে বিএনপিকে জানাবো।



