ভারতে সরকার উৎখাতে বাংলাদেশ-নেপালের মতো গণঅভ্যুত্থানের ডাক

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) জাতীয় সভাপতি অভয় সিং চৌতালার মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় শুরু হয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং নেপালের সাম্প্রতিক গণআন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার রেশ ধরে এবার ভারতেও অনুরূপ প্রতিবাদের ডাক দিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) জাতীয় সভাপতি অভয় সিং চৌতালা। চৌতালার মন্তব্যের কড়া সমালোচনা করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে চৌতালাকে বলতে শোনা যায়, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে যেভাবে তরুণ প্রজন্ম একজোট হয়ে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, ভারতেও বর্তমান সরকারকে উৎখাত করতে ঠিক একই কৌশল অবলম্বন করা উচিত।
তিনি বলেন, “শ্রীলঙ্কা এবং বাংলাদেশের তরুণরা যেভাবে সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছে, নেপালে যেভাবে পরিবর্তন আনা হয়েছে, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ভারতেও একই রকম পদক্ষেপ নেওয়া জরুরি।”
চৌতালার এই মন্তব্যের পরই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই মন্তব্যকে ‘সংবিধান বিরোধী’ এবং ‘ভারত বিরোধী’ মানসিকতার প্রতিফলন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতার নামে বিরোধী নেতারা এখন দেশের গণতান্ত্রিক কাঠামো এবং আম্বেদকরের সংবিধানের ওপর আঘাত হানছেন।
বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এক্স-এ (সাবেক টুইটার) অভিযোগ করেন, রাহুল গান্ধীর মতো জ্যৈষ্ঠ বিরোধী নেতাদের পথ অনুসরণ করে অভয় চৌতালাও দেশের রাজনৈতিক বৈধতার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। তাঁর মতে, রাজনৈতিক ফায়দা লুটতে বিরোধীরা জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক বছরে ভারতর প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং সম্প্রতি বাংলাদেশে গণবিক্ষোভের মুখে তৎকালীন সরকারগুলোর পতন ঘটেছে। অভয় চৌতালা সেই উদাহরণ টেনেই ভারতে একই ধরণের আন্দোলনের প্রেক্ষাপট তৈরির কথা বলেছেন, যা এখন জাতীয় রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



