নির্বাচিত সংবাদ

বরিশালে ভাঙছে সংসার,বাড়ছে বিবাহ বিচ্ছেদ

বিবাহ বিচ্ছেদ
১৬৩
print news

 * প্রতিদিন গড়ে ৯টি তালাকের আবেদন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহবিচ্ছেদের ঘটনা। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, নগরীতে প্রতিদিন গড়ে নয়টি করে তালাকের আবেদন জমা পড়ছে। গত দুই বছরে নিবন্ধিত বিয়ের তুলনায় বিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সামাজিকভাবে নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে।

বরিশাল জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে জেলায় মোট ১৮ হাজার ৬৪৪টি বিয়ের বিপরীতে বিচ্ছেদ হয়েছে ৬ হাজার ৩৫২টি। ২০২৩ সালে ৯ হাজার ৬৬৬টি বিয়ের মধ্যে ৩ হাজার ৫টি সংসার ভেঙে যায়। পরের বছর ২০২৪ সালে বিয়ের সংখ্যা কমে দাঁড়ায় ৮ হাজার ৯৭৮টিতে, তবে বিচ্ছেদ বেড়ে হয় ৩ হাজার ৩৪৭টি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তালাকের আবেদনের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীর সংখ্যাই বেশি। চলতি বছর এই প্রবণতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

সমাজ বিশ্লেষকদের মতে, দাম্পত্য জীবনে পারস্পরিক আস্থা ও সহনশীলতার অভাব, স্বামীর বেকারত্ব, মাদকাসক্তি, অনলাইন জুয়া এবং বিবাহবহির্ভূত সম্পর্ক সংসার ভাঙনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে সামান্য বিষয় নিয়েও দাম্পত্য কলহ চরম আকার ধারণ করছে, যার পরিণতি হচ্ছে বিচ্ছেদ।

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার এক ব্যবসায়ী জানান, দাম্পত্য জীবনের অবিশ্বাস ও পারিবারিক কলহ তাকে মানসিকভাবে এতটাই ভেঙে দিয়েছিল যে একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। যদিও পরবর্তীতে তিনি জীবন ফিরে পান, তবে তার অভিজ্ঞতা বর্তমান পারিবারিক সংকটের বাস্তব চিত্র তুলে ধরে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে হলেও অনেক ক্ষেত্রে সেই সম্পর্ক টেকসই হচ্ছে না। প্রেমের বিয়ে, যৌতুকের চাপ, শারীরিক নির্যাতন এবং পারিবারিক বিরোধে দ্রুত ভেঙে যাচ্ছে সংসার। এক তরুণীর ভাষ্য অনুযায়ী, পরিবারের অমতে বিয়ে করার পর শুরুতে সম্পর্ক স্বাভাবিক থাকলেও পরে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে এক বছরের মধ্যেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।

নারীদের অভিযোগ, স্বামীর বেকারত্ব, মাদকাসক্তি ও অনলাইন জুয়ার প্রতি আসক্তির কারণে সংসারে অশান্তি চরমে উঠছে। অনেক নারী নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।

আইন সংশ্লিষ্টরা জানান, আদালতে নারী নির্যাতন ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। অধিকাংশ অভিযোগের পেছনে রয়েছে পারিবারিক সহিংসতা, পরকীয়া ও মাদকাসক্তির মতো বিষয়।

সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মনে করেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ায় এই পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তারা বলছেন, পরিবারভিত্তিক সচেতনতা ও সামাজিক উদ্যোগ জোরদার না হলে ভবিষ্যতে সংকট আরও গভীর হতে পারে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.