বাংলাদেশ ঢাকা

শীতে কাঁপছে দেশ, নওগাঁয় তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

image 399636
১৩৭
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সারা দেশে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। উত্তরাঞ্চলের জেলা নওগাঁয় বুধবার (৭ জানুয়ারি) চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে।

মঙ্গলবার গভীর রাত থেকেই নওগাঁ জেলার আকাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এর সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়ে যায়। গত দুই দিন দিনের বেলায় সূর্যের দেখা মিললেও বিকেল গড়াতেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে।

হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের দৈনন্দিন জীবন ও কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া কৃষিশ্রমিক ও রিকশাচালকদের চরম কষ্ট পোহাতে হচ্ছে।

বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, তিন দিন আগেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে এবং উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলমান এই শৈত্যপ্রবাহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ১০ ও ১১ জানুয়ারি তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ইতোমধ্যে শুরু হয়েছে। চলতি সপ্তাহজুড়ে শীতের তীব্রতা বজায় থাকবে। তবে ১০ জানুয়ারির পর ধীরে ধীরে শীতের প্রকোপ কিছুটা কমতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.