ইত্তেহাদ নিউজ,অনলাইন : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এক অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাবের সদস্যরা। এ সময় ঘটনাস্থলেই সন্ত্রাসীদের গুলিতে র্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে র্যাবের আরও তিনজন সদস্যকে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সিরাজুল ইসলাম জানিয়েছেন, নিহত র্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র্যাবে কর্মরত ছিলেন। জানা গেছে, হামলায় আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রাম র্যাবের এক কর্মকর্তা বলেন, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের থেকে একটি টিম অভিযানে নামে। এ সময় তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তের হাতে জিম্মি হয়ে পড়েন র্যাবের ৩ জন সদস্য।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।
এদিকে, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ.আর.এম.মোজাফফর হোসেন রাতে এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন, ১৯ জানুয়ারি আনুমানিক সন্ধ্যা ৬টায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলকায় অভিযান পরিচালনাকালে স্থানীয় সন্ত্রাসীদের হামলা শিকার হন। এসময় চারজন র্যাব সদস্য গুরুত্বর আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন র্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন এবং অন্য তিনজন র্যাব সদস্য চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।