ইত্তেহাদ নিউজ,ঢাকা :  রাজধানীর তেজগাঁও থানাধীন এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই নাজমুল জান্নাত শাহ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নিট জোন প্রাইভেট লিমিটেডের মালিক আবুল কালাম আজাদের রাজধানীর তেজগাঁও থানাধীন গ্রিন রোড ভিকন ভিলার গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে সমন্বয়ক পরিচয়ে গত ২৬ জুন ৫ কোটি টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পুলিশে ধরিয়ে দেওয়া ও মব তৈরি করে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়। পরে আসামিরা জনতা ব্যাংকের একটি হিসাবের কয়েকটি চেকে জোর করে আবুল কালাম আজাদের সই করিয়ে নেয়। একই সঙ্গে ব্যাংক হিসাবে দ্রুত টাকা জমা করার জন্য চাপ দেয়। এ ঘটনায় গত ১ আগস্ট তেজগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

এর আগে গত ২৬ জুলাই রাতে রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ তাদের গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।