ইত্তেহাদ নিউজ,কুমিল্লা : জামিনে মুক্তি পেয়েছেন বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া।  সোমবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন তিনি। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার বলেন,  সোমবার সন্ধ্যা ছয়টার দিকে পাপিয়া জামিনে কারামুক্ত হন। রবিবার তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। সোমবার বিকেলে তার জামিনের কাগজপত্র এলে তা যাচাই-বাছাই করে তাকে কারামুক্ত করা হয়।

পাপিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। গুলশান থানায় দায়ের করা মানি লন্ডারিংয়ের মামলায় জামিন নিয়ে কুমিল্লা কারাগার থেকে ছাড়া পেলেন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা বাকি পাঁচটি মামলাও বিচারাধীন রয়েছে। সেগুলোতে আগেই তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

এর আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া। সেখানে এক নারী বন্দীর ওপর নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর পরপরই ২০২৩ সালে ৩ জুলাই তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন এবং অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরই অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর ২০ বছরের কারাদণ্ড হয়। এখনো তাদের বিরুদ্ধে কয়েকটি মামলার বিচার চলছে।

 

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়