ইত্তেহাদ নিউজ,অনলাইন : নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মু্ক্তি না হওয়ার ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয় বলে জেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকের ওই অডিওতে শোনা যায়, ‘এই … কী করছস, সাদ্দামের লগে কী করছস…।’ ওই ফোন ধরা পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্ত থেকে। ক্রমাগত বলতে শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি…’ তুই অ্যারেস্ট করায় দিসছ… তুই জানস না… তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে…।’

ওই অডিও কল সঠিক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র নিশ্চিত করেছে। হুমকি দিয়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি বলেন, তিনি কিছু ফোনকল পেয়েছেন। কারা এগুলো করছে, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পেয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে, সেখানে প্রশাসন তাদের পাশে ছিল, সহযোগিতা করেছে। যাহোক, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে আত্মগোপনে থাকা বাগেরহাট-২-এর সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের একটি বক্তব্য ফেসবুকে প্রচারিত হচ্ছে। সেখানে সাদ্দামের বিষয়টি অমানবিক বলে দাবি করেন তিনি।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।