ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে বরিশাল-৫ (সদর) আসন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই প্রধান দলগুলোর প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমেছেন। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন- নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ ও ৬ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ দুপুরে নগরীর আগরপুর রোড থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
গণসংযোগকালে তিনি বলেন, ‘দুর্নীতি, সন্ত্রাসমুক্ত এবং ইনসাফ কায়েমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশবাসীকে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে।’ তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলনের পক্ষে রায় চান।
এদিকে, সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রচারণার সূচনা করেন বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার নির্বাচনি কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং শোষনমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। দলীয় নেতা-কর্মীদের নিয়ে বড় ধরনের শো-ডাউনের মাধ্যমে তিনি ভোটের মাঠে নিজের উপস্থিতি জানান দেবেন বলে জানা গেছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।