ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশে কারাবন্দী চার সাংবাদিককে মুক্তি দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। আন্তর্জাতিক মানবাধিকার দিবস সামনে রেখে সোমবার এক চিঠিতে ‘জরুরি পদক্ষেপ’ নিতে প্রধান উপদেষ্টার প্রতি এই আহ্বান জানায় নিউইয়র্কভিত্তিক সংগঠনটি।ওই চার সাংবাদিক হলেন— মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা ও শাকিল আহমেদ।

সিপিজে ওই সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘প্রতিহিংসামূলক’ এবং এর স্বপক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণের অভাব রয়েছে বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা হত্যা মামলার বিশ্বাসযোগ্য প্রমাণ নেই এবং তাদের সাংবাদিকতা ও রাজনৈতিক সম্পৃক্ততার জেরে প্রতিহিংসাবশত এসব মামলা করা হয়েছে বলে মনে করে সিপিজে।

কারাবন্দী সাংবাদিকদের পরিবারের বরাত দিয়ে চিঠিতে বলা হয়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাদেরকে ৩৬ বর্গফুটের সেলে রাখা হয়েছে। সেখানে দরজার বদলে লোহার শিক থাকায় তারা শীত ও মশার উপদ্রবের মধ্যে দিনাতিপাত করছেন। কংক্রিটের মেঝেতে কোনো তোশক ছাড়াই তাদের ঘুমাতে হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত খাবার ও চিকিৎসাসেবা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের নভেম্বরে দ্য ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস স্বীকার করেছিলেন যে সাংবাদিকদের বিরুদ্ধে তড়িঘড়ি করে হত্যা মামলা দেয়া হচ্ছে এবং সরকার তা বন্ধের উদ্যোগ নিয়েছে। তবে সিপিজে বলছে, গত বছরের ৮ আগস্ট ড. ইউনূস দায়িত্ব নেয়ার পর এই চার সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলা দেয়া হয়েছে এবং বারবার তাদের জামিন আবেদন নাকচ করা হয়েছে।

এই বিষয়ে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপ মানবিক শাসন, ন্যায়বিচার ও মুক্ত আলোচনার প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে তুলে ধরবে বলে চিঠিতে উল্লেখ করে সিপিজে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।