ইত্তেহাদ নিউজ,অনলাইন : ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জামায়াত সমর্থিত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রশিবিরের এক নেতা। অভিযোগের পর তিনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে ‘মিনহাজুল হক উসমানি’ নামের ফেসবুক আইডি থেকে এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান ওই শিবির নেতা। রোববার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে।

পদত্যাগকারী নেতা মিনহাজুল হক উসমানি নান্দাইল উপজেলা পশ্চিম ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা কমিটির বায়তুলমাল (দপ্তর ও অর্থ) সম্পাদক।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, “আমার বাবা সাইফুল ইসলাম ভূইয়া (ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য) স্থানীয় ব্যবসায় টেন্ডারের মাধ্যমে গাছ ক্রয় করেছিলেন। কিন্তু জামায়াত সমর্থিত এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম চাঁন মিয়া বিচারের নামে আমাদের কাছ থেকে ২ লাখ ৬২ হাজার টাকা আদায়ের চেষ্টা করেন। ন্যায়বিচার না পেয়ে আমি সংগঠন থেকে পদত্যাগ করেছি।”

মিনহাজুল আরও লেখেন, “আমার বাবার নামে মিথ্যা অভিযোগ তুলে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করা হয়েছে। কেউ সত্য কথা বলতে সাহস পায়নি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত সমর্থিত এমপি প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন মিয়া। তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। আপনারা এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন।”

উপজেলা জামায়াতে ইসলামী নান্দাইলের আমির কাজী শামসুদ্দিন বলেন, “মিনহাজুল অনেকদিন ধরেই সংগঠনে নিষ্ক্রিয়। ব্যক্তিগত বিরোধকে সে জামায়াতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে।”

এ বিষয়ে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিম বলেন, “চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। জামায়াতের পক্ষ থেকে আমরা প্রার্থীর হয়ে নির্বাচনী কাজ করছি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।