ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে তিনি বলেন, আমি আবারও এই দেশে এমপি-মন্ত্রী হব লিখে রাখেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঝালকাঠির কাঁঠালিয়ার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে  বুধবার (২০ নভেম্বর) রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী শাহজাহান ওমরসহ ৯ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

WhatsApp Image 2024 11 21 at 16.08.44 be719465

জানা যায়,  বুধবার (সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে তিনি গাড়িতে করে  বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে শাহজাহান ওমর অভিযোগ করে বলেন, ‘এ হামলার সঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকন জড়িত রয়েছেন। আমি  বুধবার বিকেলে ঢাকা থেকে বরিশাল আসি। এ খবর শুনে কাঁঠালিয়া থানায় রাতে আমার নামে মামলা হয়েছে। তবে আমি এসব মামলায় ভয় পাই না। আমি আবারও এই দেশে এমপি-মন্ত্রী হব লিখে রাখেন।’তবে এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বলেন, ‘কারা শাহজাহান ওমরের বাসভবনে ও গাড়িতে ইট নিক্ষেপ করেছে, তা আমার জানা নেই।’

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘থানার বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।