ইত্তেহাদ নিউজ ডেস্কপশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেসের ১১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিপরীতে নেই বিজেপির কোনো নারী প্রতিনিধি।

তৃণমূলের ১১ জনের মধ্যে নতুন মুখ ৫ জন। রচনা বন্দোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, শর্মিলা সরকার ও মিতালি বাগ। বাকি ৬ জন পুরোনো শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল ও মহুয়া মৈত্র।

২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের আসন সংখ্যার সঙ্গে বেড়েছে নারী সংসদ সদস্যও। সপ্তদশ লোকসভায় জোড়াফুল প্রতীকে লোকসভায় জায়গা করে নেন ৯ জন নারী সংসদ সদস্য। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১।

এবারের লোকসভা ভোটে ১২ জন নারীকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তাদের মধ্যে এগারো জন জয়ী হয়েছেন, শতাংশের হিসাবে ৩৮ শতাংশ। অন্যদিকে, নারী সংরক্ষণ বিল পাশ করানো বিজেপিতে নারী সংসদ সদস্য রয়েছে মাত্র ১২ শতাংশ।

এবার পশ্চিমবঙ্গ থেকে সংসদে যাচ্ছেন ১১ জন নারী। তারা হলেন-
কলকাতা দক্ষিণের মালা রায়,
বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার,
উলুবেড়িয়ার সাজদা আহমেদ,
বীরভূমের শতাব্দী রায়,
জয়নগরের প্রতিমা মণ্ডল,
কৃষ্ণনগরের মহুয়া মৈত্র,
যাদবপুরের সায়নী ঘোষ,
বর্ধমান পূর্বের শর্মিলা সরকার,
মেদিনীপুরের জুন মালিয়া,
হুগলির রচনা বন্দ্যোপাধ্যায় এবং
আরামবাগের মিতালী বাগ।

এছাড়া তৃণমূলের রাজ্যসভায় রয়েছেন দোলা সেন, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব ও মমতা বালা ঠাকুর, মৌসম বেনজির নুর। বিধানসভায় তৃণমূল সদস্যদের ৩৩ শতাংশের বেশি মহিলা। বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিত্বেই কেবল নারীদের গুরুত্ব দেওয়া নয়, বর্তমান এবং আগামী দিনের নারী ভোটারদের দিকেও বিশেষ নজর দিয়ে থাকেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী।

প্রথমবার ক্ষমতায় আসার পরই কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শেষ বিধানসভা ভোটের আগে তার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প অনেকের কাছেই ‘মাস্টারস্ট্রোক’ বলে স্বীকৃত। এবারের লোকসভায় তৃণমূলের সেই লক্ষ্মীর ভাণ্ডারই অন্যতম কার্যকরী হয়েছে।

অন্যদিকে, এই রাজ্য থেকে বিজেপির নারী মুখ ছিলেন লকেট চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরী। যারা এবার হেরে গেলেন। শ্রীরূপা মিত্র চৌধুরী ও অগ্নিমিত্রা পাল ফের বিধানসভায় ফিরবেন। তবে রেখা পাত্র ও পিয়া সাহাও হেরে গেছেন। হেরেছেন রাজমাতা অমৃতা রায়ও।

তথ্যসূত্র- জিনিউজ।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়