ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এবি ব্যাংকের সামনে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ককটেল বিস্ফোরণের পর মোটরসাইকেলকে ধরতে পেছন থেকে ধাওয়া করে পুলিশের একটি গাড়ি। কিন্তু তাদের ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি ধানমন্ডি ৩২-এর দিক থেকে আমাদের টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় ধানমন্ডি সাতাশের এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি তাদের ধাওয়া করতে করতে আট নম্বর রোড পর্যন্ত যাই। কিন্তু তারা বাইক নিয়ে পালিয়ে যায়।’
এর আগে রাজধানীর মিরপুর-১ ও মৌচাকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় পৃথক স্থানে এ ঘটে।
পুলিশের তথ্যমতে, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল ছোড়ে। বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন। তার পায়ে আঘাত লাগে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ রোববার (১৬ নভেম্বর) ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত