বরিশালে ইসলামী আন্দোলনের পক্ষে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাবার পরেও ইসলামী আন্দোলনকে বড় ধরণের স্বস্তি দিয়ে বরিশাল সদর আসন থেকে সরে দাঁড়াল জামায়াত ইসলামী প্রার্থী।দলের কেন্দ্রীয় সিদ্ধান্তনুযায়ী মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে জামায়াত প্রার্থী মোয়াজ্জেম হোসাইন হেলাল তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে বরিশাল বিভাগীয় সদরের এ আসনে বিএনপি’র মুজিবুর রহমান সারোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মুফতি সৈয়দ ফয়জুল করিমের মধ্যেই সরাসরি প্রতিদন্ধীতা হতে যাচ্ছে।

প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত বরিশালের ৬টি আসনে মোট ৭জন প্রার্থী নির্বাচনী লড়াই থেকে সড়ে দাড়ানোর ফলে জেলায় মোট প্রার্থী থাকছেন ৪১ জন।আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন ভোটার ৮৩৩টি ভোট কেন্দ্রের ৫,১৯৭টি বুথে ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। এবার বরিশাল জেলায় মহিলা ভোটার সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৭৩৮ জন। আর তৃতীয় লিঙ্গ বা হিজরা ভোটার রয়েছে ২০ জন।
তবে এবার এখনো বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে নির্বাচনী পরিবেশ অনেকটাই নিরুত্তাপ থাকলেও বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরুর পরে পরিস্থিতি কোনদিকে যাবে তা নজরে রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।তবে ইতোমধ্যে ১১ দলীয় জোট ভেঙে যাওয়া এবং ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীরের বরিশাল সদর আসনে জামায়াত প্রার্থীর সরে দাড়ানোর বিষয়টিকে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। বিষয়টিকে ‘আগামীতে ইসলামী আন্দোলনের সাথে জামায়াতসহ জোটের সম্পর্ক টিকিয়ে রাখার শেষচেষ্টাসহ ভবিষ্যতে বড় কোন ইস্যুতে আলোচনার দরজা খোলা রাখার ইংগিত’ হিসেবেও দেখছেন কোন কোন রাজনৈতিক পর্যবেক্ষক।
ইসলামী আন্দোলন জোট ছেড়ে আলাদা নির্বাচনী ঘোষণার পরে বরিশাল সদর আসনে জামায়াত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল ‘সব বিষয়েই দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত’ বলে জানিয়েছিলেন।এমনকি ‘ইতোপূর্বে জোটের স্বার্থেই আমরা সাজানো বাগানও ছেড়ে দিয়েছিলাম। এখন যেহেতু তারা জোট ছেড়ে আলাদা নির্বাচন করবে, সেহেতু দল যদি তাকে বরিশাল সদর আসনে নির্বাচন করতে বলে, তবে তিনি প্রস্তুত আছেন’ বলেও জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি দলের সিদ্ধান্ত মেনেই দীর্ঘদিনের লালিত ও গোছানো বরিশাল সদর আসনের নির্বাচনী প্রতিদন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেন বলেও মনে করছেন পর্যবেক্ষক মহল।
তবে বরিশাল সদর আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে জামায়াত ইসলামীর প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ারের কোন বক্তব্য পাওয়া যায়নি।দলের একাধিক দায়িত্বশীল নেতা অবশ্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী বলেই ব্যলটে বিশ্বাসী। বরিশালবাসী সব সময়ই জাতীয়তাবাদী শক্তির পক্ষে আছে। বরিশাল বিভাগ থেকে শুরু করে এ অঞ্চলের সব উন্নয়ন বিএনপি’র হাত দিয়েই হয়েছে। ভবিষ্যতেও উন্নয়নের স্বার্থ বরিশালবাসী বিএনপি’কেই ভোট দেবে’ বলেও মনে করেন দলটির নেতৃবৃন্দ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



